| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১০:০৭:১১:পূর্বাহ্ন  |  ১০৪৬৯৯০ বার পঠিত
ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকা আজও শীত ও ঘন কুয়াশার দাপটে স্থবির। সকাল গড়িয়ে বেলা বাড়লেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো নগরী, যার ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই ঢাকাসহ আশপাশের এলাকায় আজ কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা স্থায়ী হতে পারে।

এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪