রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার কারণে শুক্রবার (২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট নিরাপদে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ৪টি ফ্লাইট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, ৪টি চট্টগ্রামে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ এই সূচিতে বিপর্যয় দেখা দেয়। কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি এত কমে গিয়েছিল যে রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা ৮০০ থেকে ১০০০ মিটারের ওপরে গেলে কেবল রানওয়েতে বিমান ওঠানামা শুরু করার অনুমতি দেওয়া হবে।
বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে। তবে যাত্রীরা বলেন, ঘন কুয়াশার কারণে দেরিতে বিমান ওঠানামা এবং দীর্ঘ অপেক্ষার কারণে আমরা চরম কষ্ট পেয়েছি।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছেন, শীতকালে ঘন কুয়াশা হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব বা ডাইভারশন নিয়মিত হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম