রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পুনরায় সচল হলেও আগামী ৯০ দিনের মধ্যে কারও অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার (২ জানুয়ারি) ফেসবুক পোস্টে ফয়েজ তৈয়্যব জানান, সিস্টেমে অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট নেওয়া হয়েছে। ফলে বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা হিসাব দেখানোর সময় অনেকের এনআইডিতে অতিরিক্ত হ্যান্ডসেট দেখাচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে ধীরে ধীরে হিস্টোরিক ডেটা আর্কাইভ করে শুধুমাত্র সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখাবে।
তিনি আরও বলেন, শুরুর দিকে টেকনিক্যাল প্লাটফর্মে কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে, তবে তা সমাধান করা হবে। সিস্টেমটি নতুনভাবে ইনস্টল করা হয়নি; ২০২১ সালে এটি প্রথম চালুর চেষ্টা হয়েছিল এবং এখন কিছু ফাংশনাল ফিচার বৃদ্ধি করে সচল করা হয়েছে।
ফয়েজ তৈয়্যব জানিয়েছেন, একজন ব্যক্তির এনআইডির বিপরীতে আগে সর্বোচ্চ ২০টি এবং পরে ১৫টি সিম ব্যবহার করা যেত, যা বর্তমানে ১০-এ নামানো হচ্ছে। ফলে হিস্টোরিক ডেটার কারণে এনআইডির বিপরীতে অনেক হ্যান্ডসেট দেখানো স্বাভাবিক। এই ব্যবস্থা নাগরিকদের সচেতনতা বাড়াবে এবং তারা জানতে পারবেন একটি এনআইডির বিপরীতে কত সিম এবং ডিভাইস ব্যবহৃত হয়েছে।
ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল টোকেন ও রেট লিমিটিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এনআইডি জানা থাকলে আইএমইআই রেসপন্স পাওয়া যাবে এবং নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি