সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
ডিএমপি কমিশনার বলেন, ভিডিওটি আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বক্তব্য দেব।
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের জীবনযাত্রার ঝুঁকি বিশেষভাবে যাচাই করে নিরাপত্তা প্রদান করছে। প্রার্থীদের নিরাপত্তা যাচাই করে প্রয়োজনে ‘গানম্যান’ মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, সবকিছু আমাদের রিসোর্সের সীমার মধ্যে সামঞ্জস্য করতে হচ্ছে। ভোটকেন্দ্রের পাহারা, মাস্তানি সন্ত্রাস ও অন্যান্য জটিলতাকে প্রাধান্য দিতে হচ্ছে।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে সেতুবন্ধন বজায় রাখার চেষ্টা চলছে। তবে তিনি সাংবাদিকদের সতর্ক করেন যেন কোনো ধরনের অতিরিক্ততা বা ত্রুটির কারণে পুলিশ ক্ষতিগ্রস্ত না হয়।
আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শেখ সাজ্জাত আলী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে সম্প্রতি ব্যাপক রদবদল হয়েছে। তিনি বলেন, মফস্বল থেকে আনলেই সমস্যা হয়, তাই আমরা লটারির মাধ্যমে ওসি নিয়োগ করেছি। তবুও অফিসাররা যথাসাধ্য দায়িত্ব পালন করছেন।
তিনি ভবিষ্যতের নির্বাচনী জটিলতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বলেন, জানুয়ারি ২১–২২ তারিখ থেকে প্রচারণা শুরু হবে। তখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আমাদের টপ প্রায়োরিটি এখনই আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা।
রিপোর্টার্স২৪/এসসি