সিনিয়র রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকতেই পারে। তবে সরকার আশা করছে, তা সুষ্ঠুভাবে মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রথম থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা–বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিজওয়ানা হাসান এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৬ বছরের নিপীড়নের পরে আমরা যে নির্বাচন আয়োজন করছি, তা গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক, তবে তা সরকার সুষ্ঠুভাবে মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, ভোটের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জনগণ, সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, আমার বাসার সামনেও ককটেল ফাটিয়েছে। তবে এতে আমি বাহিনী নিয়ে এখানে আসিনি। অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। যে ব্যর্থতা বা হামলা এসেছে, তার প্রতিবাদে আমরা থেমে থাকব না।
তিনি জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ভোট ও প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ উদ্বোধনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী কর্মশালাটি সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি