স্পোর্টস ডেস্ক: আইপিএলের নিলামে দল পেলেও কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ক্রীড়া উপদেষ্টা হিসেবে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আইসিসিকে লিখিতভাবে পুরো বিষয়টি জানায় এবং স্পষ্ট করে উল্লেখ করে—যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার বন্ধের অনুরোধ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশকে কোনোভাবেই অবমাননা মেনে নেওয়া হবে না।