| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১২:৫৪:১০:অপরাহ্ন  |  ১০১৮৯৭৫ বার পঠিত
কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা কাওরানবাজার মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আন্দোলনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪