স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে খোয়া গেছে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা ।সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও দোকান কর্তৃপক্ষ।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখতে পান, কেচিগেট ও সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দোকানে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে জানতে পারেন, সিন্দুকসহ দোকানে থাকা সব স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকি রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। পাশাপাশি প্রায় ৬০০ ভরি রুপা ও স্বর্ণ কেনাবেচার রশিদও চুরি হয়েছে। এ ছাড়া দোকানে থাকা নগদ চার লাখ টাকা খোয়া গেছে। তার দাবি অনুযায়ী, চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
চুরির ঘটনাটি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
পুলিশ সূত্র জানায়, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, ভোর আনুমানিক ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে কাচ ভেঙে সিন্দুকসহ মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
রিপোর্টার্স২৪/এসসি