স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে এবং মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবাই যেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করেন এবং নির্বাচনি আচরণবিধি মেনে চলেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে অটল রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক ও কঠোর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ভোটকেন্দ্রসহ প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ও যে কোনো স্থানে দায়িত্ব পালন করতে পারবেন।
রিপোর্টার্স২৪/এসসি