গাজীপুর প্রতিনিধি: চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পরপরই আদালত প্রাঙ্গণে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-১-এর বিচারক অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।
গাজীপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত জামিন দেন। কারাগারে দ্রুত কাগজপত্র পাঠানো গেলে আজই তাঁর মুক্তি পাওয়া সম্ভব।
এর আগে রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী চিৎকার করে বলেন, ‘কোনো তদন্ত ছাড়াই আমাকে রিমান্ড দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি।’
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বাংলাদেশ প্রতিদিনের সাবেক মাল্টিমিডিয়া রিপোর্টার ও বর্তমানে দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়। পরে গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা জান্নাত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
রিমান্ড আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকালে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা সুরভীর অবিলম্বে মুক্তির দাবি জানান এবং মুক্তি না দেওয়া হলে সারাদেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন। এ সময় আদালত এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/এসসি