গাজীপুর প্রতিনিধি: দিনভর নাটকীয় ঘটনার পর অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। জামিন আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হলে সহযোদ্ধারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
এর আগে, চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই সুরভীর জামিন মঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করে সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সুরভীর বয়স ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এদিকে, সুরভীকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে তার গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে সোমবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। তারা সুরভীর নিঃশর্ত মুক্তি ও মামলার প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় যৌথবাহিনীর অভিযানে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি টঙ্গী এলাকার বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত।
গ্রেফতারের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় তাকে বাসা থেকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের করা একটি চাঁদাবাজি মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি। অভিযোগ অনুযায়ী, ৫০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী নাঈমুর রহমান দুর্জয় ঢাকার বাসাবো শাহীবাগ এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি এজাহারে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
তবে সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার বাদীর একাধিক অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বাদী সুরভীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়। বিষয়টি তুলে ধরে জুলাইযোদ্ধারা দাবি করেন, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুরভীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
সোমবার সকালে সুরভীকে আদালতে হাজির করা হলে সকাল থেকেই জুলাইযোদ্ধারা গাজীপুর জজকোর্ট প্রাঙ্গণে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় নির্দোষ সুরভীকে হয়রানি করা হয়েছে এবং বয়স সংক্রান্ত তথ্য গোপন করে তাকে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/এসসি