স্টাফ রিপোর্টার: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই দফা মারধরের মাধ্যমে আইনজীবী নাঈম কিবরিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, কয়েকজন মোটরসাইকেল আরোহী নাঈমকে ঘিরে মারধর করে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সোমবার (৫ জানুয়ারি) মূল অভিযুক্ত মো. জোবায়ের হোসেন (২৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকারে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ নিয়ে কথা কাটাকাটির পর কয়েকজন মোটরসাইকেল আরোহী তাকে ধরে প্রথম দফায় মারধর করে। পরে তাকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় নাঈম কিবরিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমের বাবা গোলাম কিবরিয়া ২ জানুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দুই দিন পর মূল আসামি বারিধারা এলাকা থেকে গ্রেফতার হন।
রিপোর্টার্স২৪/বাবি