রিপোর্টার্স২৪ ডেস্ক: অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের ঘাটতি প্রতিরোধে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্রয়ের ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৩১ টাকা ৪৭ পয়সা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। সরাসরি আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড এই আমদানি কার্য সম্পন্ন করবে।
উপদেষ্টা পরিষদ বৈঠকে শুধুমাত্র সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে। সরকারের পক্ষ থেকে সরবরাহ চেইন সচল রাখার জন্য এসব পণ্য দ্রুত দেশে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকের পরে জানান, আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই উদ্যোগ ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করবে এবং আসন্ন রমজানসহ অন্যান্য মাসে কোনো ঘাটতি হবে না।
রিপোর্টার্স২৪/ঝুম