স্টাফ রিপোর্টার: দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের মাত্রা বাড়তে পারে।
পোস্টে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
কুয়াশায় ঢাকতে পারে প্রায় পুরো দেশ
কুয়াশা পরিস্থিতি নিয়ে মোস্তফা কামাল পলাশ জানান, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে অন্য ছয়টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। আর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।
সূর্যের দেখা মিলতে দেরি
পলাশ আরও জানান, বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।অন্য পাঁচ বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের দেখা মিলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন,সোমবার (৫ জানুয়ারি) রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমছে। চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি