সিনিয়র রিপোর্টার: রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডে একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে নাদের নেহাল রনক (৩২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার এসআই মো. আবু শরীফ জানান, বর্তমানে হাতিরপুল ৩৭৪/ই ফ্রি স্কুল স্ট্রিট রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আজ ভোরে খবর পেয়ে চতুর্থ তলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই যুবক নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তার বাবা আজম শিকদার নিউইয়র্ক প্রবাসী এবং তিনি দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বর্তমানে নিউইয়র্কেই থাকেন রনকের বাবা। কয়েক মাস আগে রনক ঢাকায় এসেছিলেন মা এবং বোনের সঙ্গে দেখা করতে। তিনি পারিবারিক ও মানসিক হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি