স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। দুই দিনের মধ্যে ইসিতে মোট ১৬৪টি আপিল আবেদন জমা পড়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের কেন্দ্রীয় আপিল গ্রহণ বুথ সূত্রে এ তথ্য জানা যায়।
ইসি জানায়, আপিল গ্রহণের দ্বিতীয় দিনে ১২২টি আবেদন জমা পড়েছে। এর আগে প্রথম দিন সোমবার জমা পড়েছিল ৪২টি আপিল আবেদন। ফলে দুই দিন শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়াল ১৬৪টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিলকারীদের বড় অংশই স্বতন্ত্র প্রার্থী। বিশেষ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের তথ্য নিয়ে গরমিল থাকাই অধিকাংশ মনোনয়ন বাতিলের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এসব সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রার্থীরা আপিল করছেন।
ইসি আরও জানায়, আপিল গ্রহণ কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এরপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
রিপোর্টার্স২৪/এসসি