স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সিআইডির পক্ষে এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব বিশ্লেষণ করে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে আরও বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসে অর্থায়ন এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ড মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচিত।
এমন পরিস্থিতিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা এবং একই আইনের ১৭(২) ধারায় স্থিত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়। অন্যথায় মামলার নিষ্পত্তির আগেই অর্থ আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি