স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মিলিয়ে সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন এই মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। দেশের ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে স্থাপন করা হবে প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষ।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন।
নির্বাচনের নিরাপত্তায় এবার দায়িত্ব পালন করবেন ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে—আনসার ও ভিডিপি সদস্য থাকবেন প্রায় সাড়ে ৫ লাখ; সশস্ত্র বাহিনী থেকে দায়িত্বে থাকবেন ৯০ হাজারের বেশি সদস্য; এ ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরাও দায়িত্ব পালন করবেন
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর পরদিনই সম্ভাব্য এক প্রার্থী গুলিবিদ্ধ হন। পাশাপাশি দুটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সচিবসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়।
তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্র জারি করে।
রিপোর্টার্স২৪/এসসি