রিপোর্টার্স২৪ডেস্ক: চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬) সব খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে প্রণোদনা দেওয়া হয়েছে, একই হার আগামী ছয় মাসও বহাল থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে জানানো হয়, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে নতুন করে কোনো খাতে প্রণোদনা বা নগদ সহায়তার হার পরিবর্তন করা হয়নি।
অর্থ বিভাগ সূত্র জানায়, বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা, ডলার সংকট ও রপ্তানি আদেশে চাপের প্রেক্ষাপটে রফতানিকারকদের স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী খাত বিদ্যমান সহায়তা পেতে থাকবে।
নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক ও বৈদেশিক মুদ্রানীতি বিভাগকে বলা হয়েছে। অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
রফতানিকারকরা বলছেন, প্রণোদনার হার বহাল থাকায় স্বস্তি মিললেও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে বাড়তি সহায়তা না থাকায় কিছু খাতে চ্যালেঞ্জ বাড়তে পারে।