রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যায্য দাবি পূরণ না হলে দেশের সব এলপিজি বিপণন কার্যক্রম স্থগিত রাখা হবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, বর্তমান মূল্য কাঠামো ও প্রশাসনিক হয়রানির কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের মূল্য নতুন করে সমন্বয় করা জরুরি। পাশাপাশি পরিবেশকদের বিরুদ্ধে অযৌক্তিক জরিমানা ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।
ব্যবসায়ী নেতারা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখতে তারা বাধ্য হবেন। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।
এ ঘোষণার ফলে এলপিজির ওপর নির্ভরশীল সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম