রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণের ভয়াবহতায় আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে দেশের চারটি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। সকালবেলা ঢাকার বাতাসে এই কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় প্রায় ৩৫ গুণ বেশি ছিল।
আজ রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমন্ডি এলাকায়। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ৪২৯, যা সরাসরি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। একিউআই স্কোর ৩০০ ছাড়ালেই বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়।
ধানমন্ডির পর দূষণের তালিকায় রয়েছে উত্তরা ১৮ নম্বর সেক্টর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা এবং বেচারাম দেউড়ি। এসব এলাকাতেও বাতাসের মান দুর্যোগপূর্ণ পর্যায়ে অবস্থান করছে।
এ ছাড়া কল্যাণপুরে একিউআই স্কোর ৩০০, গোড়ানে ২৫০ এবং পীরেরবাগ রেললাইন এলাকায় ২০১ রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ ছাড়ালে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।
বিশেষজ্ঞরা এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম