| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:৪৪:৩২:অপরাহ্ন  |  91308 বার পঠিত
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নিরাপত্তা বিবেচনা ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ইস্যু আরও সীমিত করেছে বাংলাদেশ। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটির পর এবার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন থেকেও ভিসা প্রদান সীমিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয়দের জন্য ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র জানায়, কলকাতা উপ-হাইকমিশনে বর্তমানে কনস্যুলার সেবা কার্যত বন্ধ রয়েছে। পর্যটক, চিকিৎসা ও অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান বন্ধ থাকলেও সীমিত পরিসরে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সময়ে আসামের গোহাটি থেকেও কনস্যুলার কার্যক্রম বন্ধ করা হয়। ফলে বর্তমানে ভারত থেকে বাংলাদেশে ভিসা ইস্যু কার্যক্রম সীমিত আকারে চলছে।

এদিকে বুধবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সংগঠনটির দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসে। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

উল্লেখ্য, এর আগেও নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছিল ভারত।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪