স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানায়, কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন সংযোজন করে তা আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করা হচ্ছিল। বুধবার (৭ জানুয়ারি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং আধুনিক মোবাইল সংযোজন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে উত্তরা এলাকা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি আইফোনসহ আটক করা হয়।
গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ফোন ও সংযোজন যন্ত্রপাতির পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই চক্রটি বিদেশ থেকে আলাদাভাবে যন্ত্রাংশ এনে ঢাকার একটি গোপন ল্যাবে আইফোন সংযোজন করত এবং পরে সেগুলো আসল আইফোন হিসেবে বাজারে ছাড়ত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি প্রায় দেড় বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং এরই মধ্যে বিপুলসংখ্যক ভুয়া আইফোন দেশের বাজারে সরবরাহ করেছে। চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত কি না—এ বিষয়ে জানতে চাইলে ডিবি জানায়, কয়েকজনের নাম পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না।
ডিবি কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ জনগণকে কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি