রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। তারা বলেছে, এই দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয়—বরং অবহেলা, অনিয়ম ও দায়িত্বহীনতার ফল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পরিবারের সদস্যরা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত বছরের ২১ জুলাই সংঘটিত এই দুর্ঘটনার পেছনে একাধিক পক্ষের গাফিলতি রয়েছে। পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় অবহেলা এবং স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে বিল্ডিং কোড লঙ্ঘন। সবকিছু মিলেই এই প্রাণঘাতী ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়, তা হলো
১. তদন্ত প্রতিবেদনে উল্লিখিত পাইলটের উড্ডয়ন সংক্রান্ত ত্রুটি এবং স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড অমান্যের দায়ে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে উত্থাপিত তিন হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অর্থ উদ্ধার এবং তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা।
২. নিহতদের পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনে জারি করা রুল অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
৩. নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের রাষ্ট্রীয়ভাবে ‘শহীদী মর্যাদা’ ও সনদ প্রদান এবং তাদের স্মরণে একটি স্থায়ী মেমোরিয়াল নির্মাণ।
৪. প্রতি বছর ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ হিসেবে ঘোষণা, উত্তরায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং নিহত শিশুদের কবরগুলোর স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
৫. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় পুনর্বাসন নিশ্চিত করা, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
সংবাদ সম্মেলনে পরিবারগুলোর সদস্যরা বলেন, আমরা শুধু ক্ষতিপূরণ নয়, ন্যায়বিচার চাই। যারা অবহেলার মাধ্যমে আমাদের সন্তানদের জীবন কেড়ে নিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটবে।
রিপোর্টার্স২৪/ঝুম