| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:৫২:০৮:অপরাহ্ন  |  ৯৭৩৯৭৭ বার পঠিত
গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অন্তত ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকার কাঁঠালতলায় এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়ী এলাকায় ছোট-বড় শতাধিক ঝুটের গুদাম রয়েছে। বিকেলে প্রথমে আরিফ মুন্সি নামের এক ব্যক্তির মালিকানাধীন গুদামে আগুন লাগে। গুদামে শুকনো ঝুট ও তুলা থাকায় এবং বাতাসের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্তত ১০টি গুদামে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির পর্যাপ্ত উৎস না থাকায় এবং বাতাসের তীব্রতার কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। 

ফায়ার সার্ভিস জানায়, ঝুটের আগুন সহজে নেভানো কঠিন। তাই আগুন যাতে নতুন করে কোনো স্থাপনায় ছড়াতে না পারে, সেজন্য চারপাশ থেকে ঘেরাও করে পানি ছিটানো হচ্ছে। খবর পেয়ে কোনাবাড়ী, জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে এবং ব্যাকআপ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪