রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে ও শুল্ক হ্রাসের লক্ষ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (ওয়াশিংটন সময়) বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে তিনি ইউএসটিআরের সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে ইতোমধ্যে যে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ড. খলিলুর রহমান।
ড. রহমান বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরুর আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাসে দৃশ্যমান অগ্রগতি এসেছে। পাশাপাশি চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনার একপর্যায়ে ড. খলিলুর রহমান বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর প্রস্তাব দেন। এ বিষয়ে রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি মার্কিন কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত পোশাকপণ্যের ওপর শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার বিষয়ে সম্মত হন তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তির চূড়ান্ত রূপ দেওয়া এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এখনো যেসব বিষয় অমীমাংসিত রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে একমত পোষণ করে।
ড. খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সম্প্রতি মার্কিন ভিসা বন্ড কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি রাষ্ট্রদূত গ্রিয়ারকে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ আরও সহজ করতে সদিচ্ছা কাজে লাগানোর আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) তহবিল নিশ্চিত করার অনুরোধ জানালে রাষ্ট্রদূত গ্রিয়ার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠককালে ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম