সিনিয়র রিপোর্টার: পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে নির্বাচন কমিশন জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করা হয়নি। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং ইতোমধ্যে প্রকাশিত এমন ভুল প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সকালে কয়েকটি গণমাধ্যমে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে এমন খবর প্রকাশিত হয়। পরে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন,
“নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুটি আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।”
হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন।
এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসসংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন; সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।
এই প্রেক্ষাপটে আদালতের আদেশ অনুযায়ী আপাতত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকলেও ভোট পুরোপুরি স্থগিত বা বাতিল হয়নি বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।
রিপোর্টার্স২৪/এসসি