| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০৯:৩৫:৩৫:পূর্বাহ্ন  |  22227 বার পঠিত
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে এসব আপিলের শুনানি গ্রহণ করা হবে।

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত টানা এই কার্যক্রম চলবে।

ইসি সূত্রে জানা গেছে, কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি নেওয়া হবে। পরদিন রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই দিনই ১৭৬টি আপিল জমা পড়ে। সব মিলিয়ে পাঁচ দিনে কমিশনে জমা হয়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন।

কমিশন জানিয়েছে, মনোনয়নপত্রে যেসব ত্রুটি পাওয়া গেছে, সেগুলো সংশোধনের জন্য আবেদনকারীদের আগেই সুযোগ দেওয়া হয়েছিল।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪