রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। আপিল নম্বরের ক্রমানুসারে শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরপর ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে।
আপিল নিষ্পত্তির পর সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ফলাফল জানাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে।
এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। কমিশন জানিয়েছে, ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির শুনানির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম