রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩৩২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার বেশির ভাগ এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমণ্ডি এলাকায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে এখানে বাতাসের স্কোর ৪৭৯। দূষণের তালিকায় এর পরেই রয়েছে উত্তরার ১৮ নম্বর সেক্টর (৪২২), দক্ষিণ পল্লবী (৪০২), বেচারাম দেউড়ি (৩৭৪), ইস্টার্ন হাউজিং (৩৪০), মাদানি সরণির বেজ এজওয়াটার (৩২২), কল্যাণপুর (৩২২)। এসব এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান, পীরেরবাগ রেললাইন ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন ঢাকার পার্শ্ববর্তী সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন গাজীপুরের শ্রীপুরে দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে। একিউআই স্কোর ৩০০-এর বেশি হলে যেখানে শ্রীপুরে বাতাসের একিউআই স্কোর বিরাজ করছে ৬৪৫।
এদিন ভয়াবহ দূষণ বিরাজ করছে গাজীপুরের কাপাসিয়াতেও (৪৬১)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম