রিপোর্টার্স২৪ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং দেশের বিদেশনীতি এখন স্বাধীন কণ্ঠে পরিচালিত হচ্ছে।
শনিবার(১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, সমালোচনার কিছু যৌক্তিক দিক অবশ্যই আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তা অতিরিক্ত হয়ে যায়। সরকার যদি ১০টির মধ্যে ৪টি কাজ সম্পন্ন করে, তখন তা স্বীকার করুন। বাকি ৬টির জন্য সমালোচনা করলে তা যৌক্তিক হবে।
তিনি বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, এখন পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি এবং বাজেট অ্যালোকেশন সবকিছু উচ্চ আদালতের মাধ্যমে হচ্ছে। ৫৪ বছরের ইতিহাসে এটি যে কোনো সংস্কার প্রক্রিয়ার অংশ।
ড. আসিফ আরও উল্লেখ করেন, আমরা একটি গুম কমিশন করেছি এবং এর অভিজ্ঞতার আলোকে একটি হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার যে কোনো আইন তুলনায় আমাদের আইন আরও উন্নত। শীঘ্রই কমিশনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তিনি সরকারের অন্যান্য সাফল্য হিসেবে উল্লেখ করেন, রিজার্ভ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, এবং বিরোধীদলের প্রায় ৫ লাখ আসামির ২০ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার। তিনি বলেন, এই সাফল্যগুলোও সংস্কারের অংশ নয় কি?
রিপোর্টার্স২৪/এসসি