নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে বন্দরের কদমরসূল এলাকার আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন—মো. হান্নান (৪৫), মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), বাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদাউস (৩৫)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, সন্ধ্যার পর কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার কয়েকটি কক্ষের কাচ ভেঙে যায়। এতে বয়লার কক্ষে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন এবং কাচের আঘাত পান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দগ্ধের মাত্রা এখনো নিরূপণ করা হয়নি।