কক্সবাজার প্রতিনিধি: কাজের প্রলোভন দেখিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রামু থানার পুলিশ এক যুবককে আটক করেছে। আটক যুবক মোহাম্মদ বাবু (২২) রামু কলেজের শিক্ষার্থী ও ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, শনিবার সকালে দিনমজুরির কাজের প্রলোভন দেখিয়ে চক্রটি তিন রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে ডেকে নেয়। পরে নিজেদের প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে চোখ-মুখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে তাদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবী করা হয়। এ ঘটনায় দুই যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয়েছে।
তৃতীয় যুবকের মুক্তিপণের চেষ্টা করার সময় স্থানীয়রা জড়ো হলে অপহরণে জড়িত ৪–৫ জন পালিয়ে যায়। এই সময় স্থানীয়রা মো. বাবুকে ধরে পুলিশকে হস্তান্তর করেন। পুলিশ তিন অপহৃত যুবককে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
অপরাধের স্বীকারোক্তি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আরও দুই জন—এরশাদুল্লাহ ও জালালের নাম উল্লেখ আছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত রোহিঙ্গা যুবকরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি