নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে এবং রাসেল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তারা চল্লিশা এলাকার ‘তমাল তম্ময়’ অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল বন্ধ থাকায় বিকেলে আটজন শ্রমিক একসঙ্গে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন। এ সময় আকাশ ও রাসেল কিছুটা এগিয়ে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।
জিআরপি পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি