নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ট্যাক্স জনগণের হক। এই অর্থ সরকারের কোষাগারে জমা হয় এবং এর প্রকৃত মালিক দেশের ১৮ কোটি মানুষ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণের সঙ্গে প্রতারণা করা।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী ও ২০২৫–২০২৬ মেয়াদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, একজন ব্যক্তিকে ঠকালে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকতে পারে। কিন্তু যখন দেশের কোটি কোটি মানুষকে ঠকানো হয়, তখন কার কাছে ক্ষমা চাইবেন? এ ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আইন মেনে কর পরিশোধ করা সবার নৈতিক দায়িত্ব।
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আখতার ও নারায়ণগঞ্জ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মো. মাজম আলী খানসহ অন্যান্য অতিথিরা।
রিপোর্টার্স২৪/বাবি