কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফনান (১২), ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। আফনানের নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, ‘মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে এপারে আসা গুলিতে এক শিশু নিহত হয়েছে।’
অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারের রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
রিপোর্টার্স২৪/এসএন