চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। পাশাপাশি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে তিন থেকে চারজন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাহবুব আলম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মাহবুব আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাসচালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি