| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:৪১:২৫:অপরাহ্ন  |  27588 বার পঠিত
থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে থানার পার্কিং এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে তদন্ত চলছে।

সিসিটিভিতে ধরা পড়েছে চুরির দৃশ্য

থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী দুই ব্যক্তি থানার গেটের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করেন। একপর্যায়ে একজন থানার ভেতরে ঢুকে পার্কিংয়ে রাখা মোটরসাইকেলের তালা ভাঙেন। এ সময় অপর ব্যক্তি থানার বাইরে দাঁড়িয়ে পাহারা দেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানার এলাকা থেকে বের করে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের একটি বাইক। এটি ভাটারা থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।

জিপিএস খুলে ফেলার অভিযোগ

এ ঘটনায় ভুক্তভোগী এএসআই মো. ফিরোজ গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালে থানায় ফিরে এসে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রাখা ছিল সেখানে সেটি নেই।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। চোরেরা মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও নিয়ে গেছে বলে জানান তিনি।

এএসআই ফিরোজ আরও বলেন, মোটরসাইকেলটিতে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় বর্তমানে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তদন্ত অব্যাহত

ভাটারা থানা-পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪