ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর সেতু থেকে উদ্ধার হওয়া একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বোমাটি নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। ঢাকা থেকে আগত এটিইউ’র ১০ সদস্যের একটি বোমা ডিসপোজাল দল এ কার্যক্রম পরিচালনা করে।
এটিইউ বোমা ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, উদ্ধার করা বোমাটি একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), যা রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে পরিচালিত হতো। এটি সাধারণ বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী। সময়মতো বোমাটি নিষ্ক্রিয় না করা হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
সরেজমিনে দেখা যায়, বিশেষ নিরাপত্তা পোশাক পরিহিত বোমা ডিসপোজাল দলের সদস্যরা বালুর বস্তা ও বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে বোমাটিকে ঘিরে রাখেন। পরে নতুন তার সংযুক্ত করে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উঁচুতে ধোঁয়ার কুণ্ডলী ওঠে এবং প্রায় ৫০ ফুট পর্যন্ত ধাতব অংশ ও স্প্লিন্টার ছিটকে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যায় এটিইউ।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ-পূর্ব প্রান্তে পাঠখড়ির স্তূপের ভেতরে একটি নীল রঙের স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন।
খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু শনাক্ত করে। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষ সদস্যরা বোমাটি উদ্ধার করে সেতু থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিসর্জন ঘাট এলাকায় নিয়ে যান এবং বালুর বস্তা দিয়ে ঘিরে রাখেন।
রাতভর সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। এ সময় সেতু ও কুমার নদের দুই পাড়ে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বোমাটি কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেতু এলাকায় রেখেছে তা উদঘাটনে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ সেতু এলাকায় এ ধরনের শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় ফরিদপুর শহরবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা জোরদার হলেও দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রিপোর্টার্স২৪/এসসি