| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরা, প্রতিবাদ করায় বাড়িতে বোমা হামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:৩৯:৩০:অপরাহ্ন  |  ৯৭৩১৫৩ বার পঠিত
প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরা, প্রতিবাদ করায় বাড়িতে বোমা হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় প্রতিবাদকারীর বাড়িতে বোমা নিক্ষেপ ও ঘরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় এ ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় হামলাকারী দু’জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব মুসলিমপাড়া ইতালির বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে নাইম (৩৫) প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া (৪০) বিষয়টির প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নাইম হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে গভীর রাতে নাইম ও তার ভাই রোমান (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরে দুটি হাতবোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে বাড়ির থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ভেঙে যায়।

হামলার পর নাইম বাড়ির নিচে দাঁড়িয়ে উচ্চস্বরে সেলিম মিয়াকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছেন একাধিক স্থানীয়।

ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশু কন্যা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি এবং হামলাকারীদের আটকের জন্য তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। হামলাকারীরা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। ভুক্তভোগী অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪