| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৮:৪২:৫৯:অপরাহ্ন  |  18340 বার পঠিত
বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে এস এম মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনের সর্বস্তরের জনগণকে জানাতে চাই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তিনি স্মরণ করিয়ে দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সে নির্বাচনে দলীয় সন্ত্রাস ও চরম অনিয়ম, দুর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর তিনি ওই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত তার পক্ষে রায় দিয়ে স্বল্প সময়ের মধ্যে তাকে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশন সে আদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।

মুশফিকুর রহমান জানান, পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করলে কমিশন জাতীয় নির্বাচন শেষে দ্রুততম সময়ের মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেয়। নির্বাচন কমিশনের এই আশ্বাসের প্রেক্ষিতেই তিনি জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমার এই রাজনৈতিক পথচলায় বাগেরহাট-১ আসনের জনগণের কাছ থেকে যে ভালোবাসা, আস্থা ও সম্মান পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

লিখিত বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বাগেরহাট-১ আসনের মানুষ মেহনতি ও সংগ্রামী। আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আপনারা আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি নির্বাচিত হই বা না হই, জীবনের যে অবস্থানেই থাকি না কেন, আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪