স্টাফ রিপোর্টার: মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিধানের বৈধতার চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রুল খারিজ করে ২০২৫ সালের ২০ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের অনুলিপি প্রকাশিত হয়। রায়ে আদালত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ধারা-৬ এর বৈধতা প্রশ্ন জারি করা রুল খারিজ করে দিয়েছেন।
রায়ে আদালত বলেছেন, আমাদের সুস্পষ্ট অভিমত হলো- মুসলিম পারিবারিক আইন, ১৯৬১ এর ৬ ধারা বহুবিবাহের বিধান সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের নারী নাগরিকদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘণ করে না। তাই রুলের সমর্থনে সেসব যুক্তিগুলো উত্থাপন করা হয়েছে, সেগুলোর কোন ভিত্তি নেই; তদানুসারে রুলটি খারিজ করা হলো।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও তানজিলা রহমান জুই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান।
আইনে যা বলা আছে
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারায় বলা হয়েছে- এক স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে হলে সালিশি কাউন্সিলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই আইন অমান্য করলে ১ (এক) বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অথবা ১০,০০০ (দশ হাজার) টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে, অন্যদিকে বর্তমান স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর সাথে সাথে পরিশোধ করতে হয়। আর সালিশি কাউন্সিল তিন জন নিয়ে গঠিত হয়।- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (যিনি ওই কাউন্সিলের প্রধান), স্বামীর পক্ষে একজন এবং স্ত্রীর পক্ষে একজন।
রিপোর্টার্স২৪/ধ্রুব