শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় এক চালককে আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা’র সমন্বয়ে কুলুরচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চরপক্ষীমারী ইউনিয়ন ভূমি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, নালিশী স্থান থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় দুটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়। এ সময় একজন চালক পালিয়ে গেলেও অপর চালককে আটক করা সম্ভব হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা বালু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি