পাবনা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার পাবনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রলয় চাকীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
কারাগার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর টানা চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়।
জেল সুপার মো. ওমর ফারুক আরও বলেন, প্রলয় চাকী আগে থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
প্রলয় চাকীর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তাঁর মৃত্যুর কারণ ও কারাগারে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
রিপোর্টার্স২৪/বাবি