| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:২৮:১৫:পূর্বাহ্ন  |  ৯৫১৭৩০ বার পঠিত
৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বড় অঙ্কের অর্থ ছাঁটাই করা হয়েছে। মূল এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা, যা কমিয়ে দুই লাখ কোটি টাকায় নামানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদনের কথা রয়েছে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এ সভায় প্রধান উপদেষ্টা সংশোধিত এডিপির অনুমোদন দেবেন। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ এনইসির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে গত ৫ জানুয়ারি পরিকল্পনা কমিশন ৩০ হাজার কোটি টাকা কমিয়ে আরএডিপি চূড়ান্ত করে।

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপির মধ্যে ৭২ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ এবং এক লাখ ২৮ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব কোষাগার থেকে বরাদ্দ রাখা হয়েছে।

এবারের সংশোধিত বাজেটে সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে। পাশাপাশি শিক্ষা, পরিবহন, ধর্ম এবং কৃষি খাতেও বড় ধরনের বরাদ্দ হ্রাস করা হয়েছে। তবে এর বিপরীতে পরিবেশ, স্থানীয় সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দ কমানোর বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় একটি কর্মসূচি বাতিল হওয়ায় এবং সময়মতো প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব জমা না দেওয়ায় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অনুমোদন পিছিয়ে গেছে। এর ফলে খাতটিতে উল্লেখযোগ্য বরাদ্দ কমানো হয়েছে।

এডিপি ও আরএডিপির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, পানি সম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে সবচেয়ে বেশি ২৮ শতাংশ। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। মূলত এই দুটি খাতেই বরাদ্দ বাড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে, যেখানে বরাদ্দ কমানো হয়েছে ৭৭ শতাংশ। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ হ্রাস পেয়েছে ৭৩ শতাংশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ কমেছে ৫৫ শতাংশ। এছাড়া বিদ্যুৎ খাতে ২৭ শতাংশ, প্রাথমিক শিক্ষায় ২৯ শতাংশ, নৌপরিবহনে ৩৬ শতাংশ এবং রেলপথ ও কৃষি খাতে ৩৬ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে।

সেক্টরভিত্তিক বিশ্লেষণেও দেখা যায়, আরএডিপিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট খাতগুলো। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে ৭৪ শতাংশ, যা ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ কাটছাঁট হয়েছে সামাজিক সুরক্ষা খাতে ৭৩ শতাংশ। শিক্ষা, পরিবহন ও ধর্ম খাতে বরাদ্দ কমানো হয়েছে ৩৫ শতাংশ। অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ অংশ সড়ক পরিবহন খাতে বরাদ্দ কমেছে ৩৮ শতাংশ।

সামগ্রিকভাবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ সেক্টরে এডিপির তুলনায় আরএডিপিতে ২০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যা সেক্টরভিত্তিক সর্বোচ্চ বৃদ্ধি। এর বিপরীতে স্বাস্থ্য সেক্টরেই সবচেয়ে বড় কাটছাঁট হয়েছে, যেখানে বরাদ্দ কমেছে ৭৪ শতাংশ।

নগর পরিবহন খাতে বড় ধাক্কা এসেছে মেট্রোরেল প্রকল্পগুলোতে। বিশেষ করে মেট্রোরেল লাইন-১ প্রকল্পে বড় অঙ্কের বরাদ্দ কমানো হয়েছে। কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক প্রকল্পে বরাদ্দ হ্রাস পেয়েছে ৯৫ শতাংশের বেশি। একইভাবে মতলব উত্তর–গজারিয়া সড়কের ওপর মেঘনা–ধনাগোদা সেতু প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৯৭ শতাংশ।

এসব প্রকল্পে বরাদ্দ কমে যাওয়ায় উত্তর ও পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন কার্যক্রমে গতি কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও নগর উন্নয়ন প্রকল্পগুলোতেও উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য কর্মসূচিতে বরাদ্দ প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪