সিনিয়র রিপোর্টার:: রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেস্তোরাঁ কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।
গত ১০ জানুয়ারি দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। তিনি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি ভবনে বসবাস করতেন তিনি।
নিহত শিক্ষার্থীর বড় বোন শোভা জানান, ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে বাইরে যান। পরে বাসায় ফিরে ছোট বোন লিলিকে জড়সড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে বলে মনে হলেও পরে হিজাব সরিয়ে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে।
ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। আটক মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
রিপোর্টার্স২৪/এসসি