| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:৩১:৫১:অপরাহ্ন  |  ৯৮৯৩৯২ বার পঠিত
বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।রোববার (১১ জানুয়ারি) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইমিগ্রেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দীর্ঘদিন শূন্য থাকার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদ পূর্ণ হতে যাচ্ছে তার আগমনের মধ্য দিয়ে।

গত ৯ জানুয়ারি (স্থানীয় সময়) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ অনুষ্ঠানের পর তিনি বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত, কারণ দেশটি তার কাছে সুপরিচিত। তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দিতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।

দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সব পক্ষের মতামত জানার উদ্যোগ নেবেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করবেন বলে জানা গেছে।

ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর র‌্যাংকের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা ছিলেন। এছাড়া ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতেও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

কূটনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিন পর পূর্ণকালীন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনের আগমন বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি ও স্থিতিশীলতা আনতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪