রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই-আগস্টে কারফিউয়ের সময় গণহত্যা, উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পড়া শুরু করেন।
সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে, ৬ জানুয়ারি জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাদের পক্ষে শুনানি করেন। তিনি সালমান ও আনিসুলকে নির্দোষ দাবি করে চার্জ গঠন না করার আবেদন করেন এবং অব্যাহতির জন্যও আবেদন করেন। তবে প্রসিকিউশনের পক্ষে উভয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করে।
এর আগে, ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করেন এবং একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
রিপোর্টার্স২৪/ঝুম