কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী ও একটি অটোরিকশা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে শিবেরবাজার বিওপির একটি টহলদল অভিযানে নামে। টহলদলটি সদর দক্ষিণ উপজেলার বদরপুর নামক স্থানে—যা সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে—তল্লাশি চালায়।
অভিযানকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে ভেতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত শাড়ী ও অটোরিকশার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান বন্ধে তাদের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন