সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি হয়।
শুনানি শেষে নির্বাচন কমিশন ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। একই সঙ্গে ২৩ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া পাঁচটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে এবং একজন প্রার্থী তার আপিল প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের অনেকেই দাবি করেছেন, নির্বাচনী মাঠে তাদের অবস্থান ভালো রয়েছে। অন্যদিকে প্রার্থিতা ফিরে না পাওয়া কয়েকজন রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।
রিপোর্টার্স২৪/এসসি